https://www.somoyerdarpan.com/
3772
bangladesh
প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬ ১২:৩০
রাজধানীর জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) কুপিয়ে জখমের ঘটনায় প্রধান অভিযুক্তসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার র্যাব-এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার বিকালে হাসপাতালের ডিউটি শেষে বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার বিকাল ৩টা ৩৯ মিনিটের দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনের গলি দিয়ে সাদা পাঞ্জাবি-পায়জামা ও মাথায় সাদা টুপি পরে ঘাড়ে কালো ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন ডা. আহমদ হোসেন। তার পাশ দিয়ে আরও মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই পেছন দিক থেকে মুখে মাস্ক পরে আসা দুই যুবক পকেট থেকে ধারালো ছুরি বের করে ডা. আহমদ হোসেনকে কোপ দেয়। মাথায় নীল রংয়ের রুমাল বাঁধা, অফহোয়াইট রংয়ের টি-শার্ট ও কালো প্যান্ট পরা যুবক প্রথম তার পকেট থেকে ছুরি বের করে ডা. আহমদ হোসেনের পিঠে আঘাত করে। এরপরই ঘুরে দাঁড়ান ডা. আহমদ। চোখে চোখ রেখে গালি দিয়ে তাকে আবারও ঠান্ডা মাথায় একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে ওই যুবক। ওই সময় ডা. আহমদ যুবককে ঠেকানোর চেষ্টা করলে তার পাশে থাকা মাথায় সাদা টুপি, আকাশী নীল রংয়ের ফুল শার্ট ও কালো প্যান্ট পরা আরেক যুবক তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করতে থাকে। ডা. আহমদ বাঁচাও বলে চিৎকার দিলে ওই দুই যুবক সামনের দিকে হেঁটে চলে যায়।