https://www.somoyerdarpan.com/

3773

international

শান্তি আলোচনা নিয়ে স্পষ্ট অবস্থান জানায়নি ইরান

প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬ ১২:৪৯

ছবি:সংগৃহীত

ইসলামাবাদে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় ইরান অংশ নেবে কি না, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি। রাজধানী তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি বলছেন, ইরান কূটনৈতিক আলোচনার দরজা খোলা রাখার চেষ্টা করেছে। তাই এখনো সম্ভাবনা পুরোপুরি বাতিল হয়নি। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলোচনায় অংশগ্রহণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একটি মিশ্র বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত। তবে তা যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া শর্তে নয়। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরান সংঘাতভিত্তিক পরিস্থিতির জন্যও প্রস্তুত। বর্তমান পরিস্থিতি তাই বেশ অনিশ্চয়তাপূর্ণ। বিশেষ করে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র এক দিন আগে। যুদ্ধবিরতি আবার নবায়ন হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

বিশ্লেষকদের মতে, যদি আলোচনাই হয়, তবে তা সহজ হবে না। কারণ দুই পক্ষেরই বহু জটিল দাবি রয়েছে। এর মধ্যে আছে- হরমুজ প্রণালি সংক্রান্ত বিষয়, নিষেধাজ্ঞা, যুদ্ধ ক্ষতিপূরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইরানের আঞ্চলিক সম্পর্ক। দেখা যাচ্ছে, উভয় পক্ষই এই জটিল বিষয়গুলো কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা করছে। তবে শেষ পর্যন্ত তারা সফল হবে কি না, তা এখনো প্রশ্নবোধক।