https://www.somoyerdarpan.com/
3776
sports
প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬ ১৩:৩৪
তানজিম হাসান সাকিব। সংগৃহীত ছবি
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। তবে নতুন করে কাউকে বাদ না দিয়ে আগের স্কোয়াডের সবাইকে রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করা হয়েছিল। নির্বাচকদের পরিকল্পনা অনুযায়ী দুই ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে শেষ ম্যাচের দল চূড়ান্ত করার কথা থাকলেও শেষ পর্যন্ত বড় কোনো পরিবর্তন আসেনি।
মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ২৬ রানে জেতে নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। ফলে চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী লড়াইয়ে রূপ নিয়েছে।
ব্যাটিং ব্যর্থতার কারণে প্রথম ম্যাচে সমালোচিত হলেও বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন দলে জায়গা ধরে রেখেছেন।
দ্বিতীয় ওয়ানডেতে একাদশে না থাকলেও শেষ ম্যাচের স্কোয়াডে তিনি রয়েছেন।
চোটের কারণে পেসার মুস্তাফিজুর রহমান এখনো মাঠে নামতে পারেননি। তবে তার পুরো ফিটনেস নিয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি দল।
শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, নাহিদ রানা, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও মাহিদুল ইসলাম অঙ্কন।