https://www.somoyerdarpan.com/
3826
international
প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৬ ১৫:১৮
ছবি:সংগৃহীত
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে আটক সশস্ত্র সন্দেহভাজনের পরিচয় কোল টোমাস অ্যালেন। তিনি ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী বাসিন্দা বলে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র সিএনএনকে জানিয়েছে। ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জেফারি ক্যারল সাংবাদিকদের জানান, এ ঘটনায় সন্দেহভাজনের কাছে একাধিক অস্ত্র ছিল। তিনি একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টে হামলা চালান। তিনি বলেন, তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। তিনি যখন ওই চেকপয়েন্ট অতিক্রম করার চেষ্টা করেন, তখন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে থামিয়ে দেয়। ক্যারল আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে গুলি বিনিময় হয়।
গ্রেপ্তার হওয়া ওই সশস্ত্র ব্যক্তির বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জিনিন পিরো। অভিযোগ দুটি হলো সহিংস অপরাধ সংঘটনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে একজন ফেডারেল কর্মকর্তার ওপর হামলা। পিরো বলেন, এ পর্যন্ত আমরা যা জানি, তাতে স্পষ্ট যে এই ব্যক্তি যতটা সম্ভব ক্ষতি করার উদ্দেশ্যে এসেছিল। তিনি আরও বলেন, সৌভাগ্যবশত, বলরুমের ঠিক বাইরে যে চেকপয়েন্টটি আছে, যেখানে হাজারো মানুষ প্রেসিডেন্টের বক্তব্য শোনার জন্য জড়ো হয়েছিল, সেটি কার্যকরভাবে কাজ করেছিল। ফলে কেউ আহত হয়নি, যখন পরিষ্কার হয়ে যায় এই অভিযুক্ত কোথায় যাচ্ছিল। তিনি জানান, সোমবার সন্দেহভাজনকে আদালতে হাজির করা হবে।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার জানিয়েছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে চেকপয়েন্টে হামলা চালানো সন্দেহভাজন বন্দুকধারী বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জেফারি ডব্লিউ ক্যারল বলেন, তিনি গুলিবিদ্ধ হননি, তবে তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হচ্ছে। এদিকে একজন সিক্রেট সার্ভিস সদস্য আহত হয়েছেন এবং তাকেও স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাউজার।