https://www.somoyerdarpan.com/
3824
bangladesh
প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৬ ১৩:৫৮
ছবি:সংগৃহীত
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কর্মকর্তা। তাই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে শেষবারের মতো আরও ৬ মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন, রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ মামলার তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলবের আবেদন জানায়। পরে হাইকোর্ট বলেন, ‘এই মামলার অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে পাঠিয়েছেন টাস্কফোর্স কমিটি।’ এদিকে, পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে তদন্ত কর্মকর্তার আরও ৬ মাস সময় লাগবে বলে জানায় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আলোচিত এ মামলায় ১৩ বছরেও চার্জশিট দিতে না পারায় তা বেদনাদায়ক বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। অন্যদিকে রিটকারি আইনজীবীরা ৩ মাস সময় দিতে কোর্ট কে অনুরোধ করেন। শুনানি শেষে, পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলে ৬ মাসের সময় দেন হাইকোর্ট।
উল্লেখ্য, গত বছরের ২৩ অক্টোবর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ৬ মাসের সময় দিয়েছিলেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ।