https://www.somoyerdarpan.com/

3828

sports

টি-টোয়েন্টি সিরিজের আগে খেলোয়াড়দের চাপমুক্ত রাখছেন লিটন

প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৬ ১৬:২৪

ছবি:সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর সামনে এখন টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে নামছে টাইগাররা। এর আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হন লিটন কুমার দাস। এই ফরম্যাটে বাংলাদেশ শেষ ম্যাচ খেলে গত বছরের ডিসেম্বরে, আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেই। মাঝে বিশ্বকাপে খেলা হয়নি। প্রায় চার মাস পর সীমিত ওভারের ম্যাচ খেলতে নামার আগে খেলোয়াড়দের বাড়তি চাপ দিচ্ছেন না লিটন। টাইগার অধিনায়কের মতে, বিশ্বকাপে না খেলার আক্ষেপ কাটিয়ে উঠেছে ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘অনেক দিন পর আমরা টি-টোয়েন্টি ফরম্যাটটা খেলছি। প্রথম দিকে আমরা সেভাবে বাড়তি চাপ দিতে চাইছি না। খেলুক, ২-১ ম্যাচ খেললে যে যার জায়গা থেকে অটোমেটিক বুঝতে পারবে (কী করতে হবে)। কারণ এখানে সেট আপের ব্যাপার আছে।’ লিটন আরও বলেন, ‘এ বছর যে নয়টি টি-টোয়েন্টি ম্যাচ হবে, সবগুলাই ভালো দলের সঙ্গে এবং টানা সিরিজগুলো আছে। এটি একটি ইতিবাচক দিক। আমরা একবার খেললে পরের সিরিজগুলো আমাদের জন্য কিছুটা সহজ হয়ে যাবে।’

লিটনের অধিনায়কত্বেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে নিরাপত্তাশঙ্কার কারণ দেখিয়ে ভারতের মাঠে গিয়ে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশের তৎকালীন সরকার। ফলে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হয় ক্রিকেটারদের। টাইগার অধিনায়ক জানালেন, সেই আক্ষেপ ভুলে উঠে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। লিটন বলেন, ‘আমার মনে হয়, অবশ্যই (খেলোয়াড়রা) মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়টাতে আমরা একটি টুর্নামেন্টও খেলেছি, যেখানে প্লেয়াররা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। যেহেতু আন্তর্জাতিক খেলা, প্রতিটা খেলাই প্রতিটা প্লেয়ারের জন্য খুবই জরুরি। আমার মনে হয় তারা সেভাবেই চিন্তা করবে এবং বাংলাদেশের জন্য খেলার জন্য যা যা করা দরকার, জেতার মানসিকতা দরকার সেটা নিয়েই মাঠে নামবে।’

আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। একই মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের শেষ ম্যাচটি হবে মিরপুরে।