https://www.somoyerdarpan.com/

3814

international

যুক্তরাষ্ট্রে নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী বৃষ্টি আর নেই, জানালেন ভাই

প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৬ ১৫:২১

ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমনটাই জানিয়েছেন নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি।

এর আগে গতকাল শুক্রবার নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে ফ্লোরিডার স্থানীয় পুলিশ।

যুক্তরাষ্ট্রে ১৭ এপ্রিল নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন। অন্যদিকে নাহিদা পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। নিখোঁজ হওয়ার আগের দিন দুজনকে সর্বশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল।

বৃষ্টির ভাই জাহিদ হাসান তাঁর বোনের মৃত্যুর খবর জানিয়ে আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ইতিমধ্যে সাড়ে সাত শতাধিক শেয়ার হওয়া এই পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন জাহিদ হাসান। আজ দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের আজ ভোরে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ ফোন করেছে। ওকে (বৃষ্টি) এখনো পাওয়া যায়নি, রিকভার (উদ্ধার) করা যায়নি। ওই সাসপেক্টর (গ্রেপ্তার হিশাম আবুঘরবেহ)...নিশ্চিত করেছে, এটা আসলে দুজনের। সন্দেহভাজন ব৵ক্তিটি আরেকটা বডি (মরদেহ) আসলে ডিসপোজ (নষ্ট করা) করতেছিল।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশের বরাতে জাহিদ হাসান বলেন, ‘আর আমাকে বলছে, মৃতদেহ পাওয়া যাবে কি না, সেটার নিশ্চয়তা তারা এখনো দিতে পারছে না।...সেখানকার স্থানীয় পুলিশ আমাকে ফোন করে এমনটাই বলেছে।’

অন্যান্য গণমাধ্যম জাহিদ হাসানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বৃষ্টির বাসায় রক্তের মধ্যে পড়ে থাকা দেহের একটি অংশের সঙ্গে তাঁর ডিএনএর মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কি না, তার কোনো নিশ্চয়তা তারা দিতে পারেনি।

এর আগে গতকাল আরেক নিখোঁজ শিক্ষার্থী জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। ফ্লোরিডার হিলসবরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তাঁর মরদেহ উদ্ধারের কথা জানায়। 

তাঁদের নিখোঁজের ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ নামে ২৬ বছরের আমেরিকার এক নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তিনি জামিলের সঙ্গে একই কক্ষে থাকতেন। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তাঁর পারিবারিক বাড়ি থেকে।