https://www.somoyerdarpan.com/

3663

bangladesh

নতুন সূচিতে অফিস, আসছে স্কুল নিয়েও সিদ্ধান্ত

প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬ ১১:৩২

ছবি:সংগৃহীত

জ্বালানি সংকটে অফিস সময় এক ঘণ্টা কমলো, আজই জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের সরকারি অফিস-আদালতে নতুন সময়সূচি চালু করা হয়েছে। রোববার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

নতুন নিয়মে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত হবে। এর আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এদিকে, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এ বিষয়ে আজ রোববারের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশনা আসতে পারে।

মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক দিন অনলাইন এবং এক দিন সশরীরে—এভাবে পরিচালনা করার আলোচনা চলছে।  

গত ২ এপ্রিল জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভাকক্ষে মন্ত্রিসভা বৈঠকে সরকারি-বেসরকারি অফিস সময় এক ঘণ্টা কমিয়ে ৯টা থেকে ৪টা, শপিংমল সন্ধ্যা ৬টায় বন্ধের সিদ্ধান্ত হয়।

মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকাল ৪টা, ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জরুরি সেবা ব্যতীত সকল অফিস ভবন, বিপণিবিতান, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টায় বন্ধ করতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে অংশীজনের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে।

জ্বালানি তেলের ব্যবহার ও পরিবেশ দূষণ হ্রাসকল্পে পরিবেশবান্ধব সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিনা শুল্কে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বসাকুল্যে ২০ শতাংশ শুল্কে আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এদিকে, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শনিবার কুমিল্লায় জানিয়েছেন, অনলাইনে ক্লাসের বিষয়টি শুধু মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে। তবে রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।