https://www.somoyerdarpan.com/

3581

entertainment

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে

প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬ ১৪:৩২

ছবি: সংগৃহীত

জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের অনলাইন টিকিটিং ব্যবস্থা নিয়ে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। টাকা কেটে নেওয়ার পরও টিকিট নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা।

এই ভোগান্তির শিকার হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি জানান, অনলাইনে পেমেন্ট সম্পন্ন হওয়ার পর হটলাইনে যোগাযোগ করলে তাকে টিকিট নিশ্চিত বলে জানানো হয়। কিন্তু হলে গিয়ে তিনি জানতে পারেন, সার্ভার সমস্যার কারণে তার বুকিং কার্যকর হয়নি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে অমি লিখেছেন- ‘টাকা কেটে নেওয়ার পরও টিকিট কনফার্ম না হওয়া অত্যন্ত হতাশাজনক। হটলাইনে বলা হয় সব ঠিক আছে, কিন্তু হলে গিয়ে জানানো হয় বুকিং হয়নি। জানানো হয়েছে, সাত কর্মদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।’

তিনি আরও প্রশ্ন তোলেন,‘সার্ভার সমস্যা থাকলে পেমেন্ট নেওয়া হলো কীভাবে? টাকার চেয়ে বড় বিষয় সময়ের অপচয়। সময়ের মূল্য কে দেবে?’ পাশাপাশি তিনি সিনেমা খাতের অনিয়ম ও ভোক্তা হয়রানি বন্ধের দাবি জানান।

ঈদ উপলক্ষে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এই সময়ে অনলাইন টিকিটিং সমস্যার কারণে অমির মতো আরও অনেক দর্শক একই ধরনের ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাদের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করছেন।

অভিযোগের মুখে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, টিকিট সংক্রান্ত কোনো সমস্যা হলে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য ও পেমেন্টের স্ক্রিনশটসহ ইমেইল বা ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়েছে।

তবে ভুক্তভোগীদের দাবি, টাকা কেটে নেওয়ার পরও টিকিট পাওয়া কিংবা অর্থ ফেরতের বিষয়ে এখনো কার্যকর কোনো সমাধান পাননি।