https://www.somoyerdarpan.com/

3587

international

ইরানিদের সহায়তায় কাশ্মীরিরা দিলো স্বর্ণ, টাকা ও গবাদি পশু

প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬ ১৭:২২

ছবি: সংগৃহীত

পশ্চিম এশিয়ার যুদ্ধবিধ্বস্ত ইরানের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ। পবিত্র ঈদুল ফিতরের পরই উপত্যকার বদগাম ও বারামুল্লা-সহ শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে শুরু হয়েছে ঘরে ঘরে ত্রাণ সংগ্রহ।

অর্থের পাশাপাশি স্বর্ণ-রুপার গহনা, গৃহস্থালির জিনিসপত্র, এমনকি গবাদি পশুও দান করছেন সাধারণ মানুষ। এই উদ্যোগে সাড়া দিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষজন। নারীরাও তাদের ব্যক্তিগত স্বর্ণের গহনা দান করেছেন। এক কাশ্মীরি তার প্রয়াত স্বামীর স্মৃতিচিহ্ন হিসেবে ২৮ বছর ধরে রেখে দেওয়া একটি স্বর্ণের স্মারক তুলে দিয়েছেন ত্রাণ তহবিলে।

ভারতে অবস্থিত ইরানের দূতাবাস সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও শেয়ার করে কাশ্মীরবাসীর এই উদ্যোগের প্রশংসা করেছে। ইরানি দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে বলেছে, কৃতজ্ঞতায় পূর্ণ হৃদয়ে, আমরা কাশ্মীরের সহৃদয় মানুষদের আন্তরিক ধন্যবাদ জানাই- ইরানের জনগণের পাশে মানবিক সহায়তা ও গভীর সংহতি নিয়ে দাঁড়ানোর জন্য; এই সহৃদয়তা কখনোই ভোলা যাবে না। ধন্যবাদ, ভারত।

কিছু ভিডিও-তে দেখা যাচ্ছে, মানুষজন একটি কমিউনিটি সেন্টারে সমবেত হয়ে মূল্যবান গহনা ও নগদ অর্থ এক জায়গায় জমা করছেন। বদগামের এই অঞ্চল থেকে উঠে আসা দানকে সম্মিলিত মানবিক সহায়তার প্রতিফলন বলে বর্ণনা করা হয়েছে।