https://www.somoyerdarpan.com/

3554

entertainment

‘রাক্ষস’ ট্রেলারে নতুন লুকে হাজির সিয়াম আহমেদ

প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬ ১৪:১০

ছবি:সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে সিয়াম আহমেদের অভিনীত 'রাক্ষস' সিনেমার ট্রেলার।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সিনেমাঙ্গনে বইছে নতুন নতুন সব সিনেমার হাওয়া। এবারের ঈদকে কেন্দ্র করে সিনেমা হলে আসছে প্রায় বেশ কিছু সিনেমা। যার মধ্যে বহু আলোচিত এবং অপেক্ষিত সিনেমা 'রাক্ষস'। যেখানে অভীনয় করেছেন অভিনেতা সিয়াম আহমেদ। 

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার। প্রথম পোস্টারেই চমক দেখান সিয়াম। সেখানে সামনে রক্তাক্ত লাশের স্তূপ আর কালো স্যুট পরে চেয়ারে বসে থাকা সিয়ামের স্টাইলিশ লুক নজর কাড়ে। পরদিন প্রকাশিত আরেক পোস্টারে নায়িকা সুষ্মিতা চ্যাটার্জির গলায় রক্তাক্ত চাপাতি ধরে থাকতে দেখা যায় সিয়ামকে এবং সেখানেই ট্রেলার মুক্তির ঘোষণা দেওয়া হয়। পরে শুক্রবার (১৩ মার্চ) দিবাগত মধ্যরাতে প্রকাশ পায় ছবিটির বহু প্রতীক্ষিত ট্রেলার, যেখানে লেখা হয় ‘রাক্ষস মাঝরাতেই আসে… আর তখনই শুরু হয় কো*প’।

২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারে শুরুতেই সিয়ামের গম্ভীর সংলাপের মাধ্যমে এক অন্ধকার ও সহিংস গল্পের আভাস মেলে। এরপরই দেখা যায় ধারালো অস্ত্রের আঘাতে একের পর এক হত্যার দৃশ্য। তবে ভয়ংকর এই আবহের মাঝেই উঠে আসে সিয়াম ও সুষ্মিতার গভীর প্রেমের গল্প, যেখানে গ্যাংস্টার জীবনের আড়ালে থাকা তার দুর্বল দিকও প্রকাশ পায়।

ট্রেলারের পরের অংশে আবারও ফিরে আসে তীব্র অ্যাকশন, গোলাগুলি ও বিস্ফোরণের দৃশ্য। এর পাশাপাশি শেষ দিকে একটি চিকিৎসকের চেম্বারের দৃশ্যে সিয়াম ও সুষ্মিতাকে দেখা যায়, যেখানে সিয়ামের একটি অপ্রত্যাশিত প্রশ্ন সিনেমাটির ডার্ক কমেডির আভাস দেয়।

পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, তার আগের সিনেমা ‘বরবাদ’-এর চেয়ে তিন গুণ বেশি ভায়োলেন্স থাকবে ‘রাক্ষস’-এ। একই সঙ্গে টিজারে দেখা গেছে ‘বরবাদ’-এর জনপ্রিয় চরিত্র ‘জিল্লু’কেও, যেখানে ভিডিও কলে সিয়ামের সঙ্গে কথা বলতে দেখা যায় অভিনেতা শ্যাম ভট্টাচার্যকে।

‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জির। আজিম হারুন ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।