https://www.somoyerdarpan.com/
3679
bangladesh
প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬ ১১:৫২
ছবি:সংগৃহীত
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে তাকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি এখন ডিবির হেফাজতে আছেন।’
পরে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন,‘ শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে কী কী মামলা আছে সেই বিষয়গুলো দেখা হচ্ছে।’
আটক শিরীন শারমিন চৌধুরীকে দুপুরে আদালতে তোলা হবে।
জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট তাকেসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন। ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন। এর পর থেকে টানা এই দায়িত্বে ছিলেন তিনি। রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শিরীন শারমিন চৌধুরী।