https://www.somoyerdarpan.com/
3627
sports
প্রকাশিত : ৩১ মার্চ ২০২৬ ১৪:৪১
ছবি:সংগৃহীত
ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি। এখনও সেই ভূ-রাজনৈতিক সংকটের কালো মেঘ বিশ্ব ফুটবলের আকাশ থেকে যায়নি। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা এবং ইরান সরকারের পক্ষ থেকে টুর্নামেন্ট বয়কটের প্রচ্ছন্ন হুমকির মুখেও অনড় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার তিনি সাফ জানিয়ে দিলেন, ইরানকে ছাড়া বিশ্বকাপের কোনো ‘প্ল্যান-বি’ বা বিকল্প ভাবনা তাদের নেই।
মাঠের লড়াইয়ে এক বছর আগেই বিশ্বমঞ্চে জায়গা করে নেয় ইরান। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতিকে জটিল করে তুলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা এবং সামরিক সংঘাতের ফলে খোদ তেহরান থেকেই ফুটবলারদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সে কারণে যুক্তরাষ্ট্রে খেলোয়াড়দের পাঠানো নিয়ে অনীহা প্রকাশ করছে ইরান সরকার। তবে এমন পরিস্থিতির মধ্যেও ফুটবলকে ঐক্যের প্রতীক হিসেবেই দেখছেন ইনফান্তিনো। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফিফা সভাপতি নিশ্চিত করেন, ইরানি প্রতিনিধি দলকে দেশটিতে স্বাগত জানানো হবে। এবার এন-প্লাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান মানেই সে দেশের আপামর জনগণ। তারা মাঠের লড়াইয়ে যোগ্যতা প্রমাণ করে অনেক আগেই কোয়ালিফাই করেছে। আমরা চাই তারা খেলুক এবং তারা খেলবে। আমাদের কাছে বি, সি কিংবা ডি বলে কোনো পরিকল্পনা নেই, শুধু প্ল্যান-এ আছে।’
তবে ফিফার এই আশাবাদের বিপরীতে এক টেলিভিশন ভাষণে সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেছে ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রী আহমেদ দানিয়ামালি কণ্ঠে। যুক্তরাষ্ট্রের মাটিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘গত আট-নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে, হাজার হাজার মানুষকে শহীদ করা হয়েছে। এমন অবস্থায় আমাদের পক্ষে বিশ্বকাপে অংশ নেয়া সম্ভব নয়।’ একই কথা বলেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজও। তার মতে, সাম্প্রতিক হামলার ট্রমা কাটিয়ে ফুটবলারদের স্বাভাবিকভাবে মাঠে নামা কঠিন।
গ্রুপ ‘জি’-তে থাকা ইরানের ভাগ্য শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলে দেবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৬ই জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এই গ্রুপের বাকি দু’টি দল বেলজিয়াম এবং মিশর।