https://www.somoyerdarpan.com/
3624
international
প্রকাশিত : ৩১ মার্চ ২০২৬ ১২:৫০
হরমুজ প্রণালি আংশিক বন্ধ থাকলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে রাজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃত করে এমন খবর দিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। অথচ কয়েক দিন আগে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তেহরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল চালু না করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেবে।
খবর অনুযায়ী, ট্রাম্প বলেছেন যে বিশ্ব জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ বহনকারী এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় খুলে দেয়ার ‘জটিল অভিযান’ তিনি পরবর্তী সময়ে করবেন। তিনি ধারণা করেন, এই পথ খুলতে গেলে সংঘাত তার নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমার বাইরে চলে যেতে পারে। তাই ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হবে ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা এবং তারপর বর্তমান সংঘাত ধীরে ধীরে কমিয়ে আনা। একই সঙ্গে কূটনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে বাণিজ্যিক চলাচল পুনরায় চালু করতে বাধ্য করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, যদি তা ব্যর্থ হয়, তাহলে ওয়াশিংটন ইউরোপ ও উপসাগরীয় মিত্রদের ওপর চাপ দেবে যেন তারা হরমুজ প্রণালি পুনরায় চালু করার উদ্যোগ নেয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, ট্রাম্প আরব দেশগুলোর কাছ থেকে এই যুদ্ধের খরচ বহনের আহ্বান জানাতে পারেন। তিনি বলেন, আমি আগেভাগে কিছু বলতে চাই না। তবে এটি এমন একটি ধারণা যা প্রেসিডেন্টের রয়েছে। আমি মনে করি, তিনি এ বিষয়ে আগ্রহী এবং ভবিষ্যতে এ নিয়ে আরও বলবেন।