https://www.somoyerdarpan.com/
3621
international
প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬ ১৭:৩৯
ছবি:সংগৃহীত
ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যখন যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র, তখন দেশটির মধ্যে ব্যাপক বিক্ষোভ হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই দিকটি দেখিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনকে অভ্যন্তরীণ অস্থিরতার দিকে মনোযোগ ঘোরাতে বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর মতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইসরায়েলপন্থী নীতিকে ঘিরে সে দেশের জনমনে বাড়তে থাকা ক্ষোভ সম্পর্কে দেশটির প্রশাসনের আরও সজাগ হওয়া প্রয়োজন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে এক মাস ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যে গতকাল রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন পেজেশকিয়ান। সেখানে তিনি যুক্তরাষ্ট্রজুড়ে গত শনিবারের ‘নো কিংস’ বিক্ষোভের কথা তোলেন। ইরানের প্রেসিডেন্ট দাবি করেন, মার্কিন সমাজের একটি অংশ এখন দেশের নীতিনির্ধারণে বাইরের প্রভাব নিয়ে ক্রমে হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছে।
পেজেশকিয়ান এ বিক্ষোভকে মার্কিন সমাজের গভীর অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছেন। এই বাস্তব পরিস্থিতির কথা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানোর জন্য যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান তিনি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের এআই বিশেষজ্ঞদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানো যে ‘তাঁর দেশের মানুষ “নো কিংস” বিক্ষোভে অংশ নিচ্ছে। মার্কিন নাগরিকেরা “ইসরায়েলকে অগ্রাধিকার” দেওয়ার নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ।’
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘মার্কিন গণতন্ত্রের ওপর রাজত্ব চালানো “ইসরায়েলি রাজাদের” ব্যাপারে তারা (মার্কিন নাগরিকেরা) ক্লান্ত।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলার শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন। এরপর ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা এক মাস ধরে চলছে।
এর মধ্যে পাকিস্তান, তুরস্ক, মিসর ও সৌদি আরব যুদ্ধ বন্ধে দুই পক্ষকে আলোচনায় বসানোর উদ্যোগ নিয়েছে। তবে ইরান আলোচনায় বসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতার কথা বলছে।