https://www.somoyerdarpan.com/

3843

international

ট্রাম্পের নৈশভোজে হামলার আগে অ্যালেনের চাঞ্চল্যকর নোট উদ্ধার

প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬ ১৭:২১

ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন নামে হোটেলে স্থানীয় সময় শনিবার রাতে নৈশভোজের সময় অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকে।

ইতিমধ্যে এই হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে শনাক্ত করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে পরিবারের কাছে নোট লিখেছিলেন অ্যালেন। নোটে তিনি লিখেন, যাদের বিশ্বাস ভঙ্গ করেছি, তাদের সকলের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

সিএনএন আরও জানায়, হামলার আগে অ্যালেন পরিবারের সদস্যদের কাছে যে নোটটি পাঠিয়েছিলেন বলে অভিযোগ, তাতে তিনি ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ইচ্ছার কথা জানান। সেই সঙ্গে নিজের রাজনৈতিক ক্ষোভ প্রকাশ করেন।

নোটে অ্যালেন উল্লেখ করেন, আমি ক্ষমা প্রত্যাশা করি না।
হোয়াইট হাউসের ভাষ্যমতে, অ্যালেনের বোন দেশটির আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে বামপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার পর অ্যালেনের মধ্যে উগ্রপন্থী মন্তব্য করার প্রবণতা দেখা যায়। অ্যালেন আগ্নেয়াস্ত্র সংগ্রহ করতেন এবং নিয়মিত ফায়ারিং রেঞ্জে অনুশীলন শুরু করেন। এরপরেই অ্যালেন লস অ্যাঞ্জেলস থেকে ট্রেনে করে শিকাগোতে আসেন এরপর ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। সেখানে তিনি ডাউনটাউন হোটেলে ওঠেন। যেখানে ট্রাম্প এবং তার প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়েছিল।

কর্তৃপক্ষ সিএনএনকে বলেছেন, অ্যালেন একটি .৩৮-ক্যালিবার সেমি-অটোমেটিক পিস্তল ও একটি ১২-গেজ শটগান নিয়ে এসেছিল। এরপর তিনি পরিবারের কাছে একটি লিখিত বিবৃতি পাঠান।

বিবৃতিতে নিজেকে ‘বন্ধুত্বপূর্ণ ফেডারেল গুপ্তঘাতক’ বলে অভিহিত করেন এবং ট্রাম্পবিরোধী মনোভাব প্রকাশ করেন। এরপরেই ট্রাম্পের নৈশভোজে ‘তাণ্ডব’ চালান অ্যালেন।
সিবিএস নিউজ জানিয়েছে, অ্যালেন নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক শেষ করার পর টরেন্সে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন।