https://www.somoyerdarpan.com/
3844
sports
প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬ ১৮:১৬
ছবি:সংগৃহীত
জিততে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়তে হতো বাংলাদেশের। তাওহীদ হৃদয় ও শামিম হোসেনের অবিচ্ছিন্ন জুটিতে দুই ওভার ও ৪ উইকেট হাতে রেখে সেই জয় তুলে নিলো টাইগাররা। কিইউদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ায় জয় এটিই। ২৭ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে দলের জয়ের নায়ক হৃদয়।
চট্টগ্রামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় নিউজিল্যান্ড। রান তাড়ায় বাংলাদেশের শুরুটা হয় ঢিমেতালে। দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। তানজিদ হাসানকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি লিটনও। দুজনই ফিরে যাওয়ার পর ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন হৃদয়। চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন তিনি। ১৪ বলে ২৮ রানের ইনিংসে পারভেজ ফিরলে শামিমকে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন হৃদয়। ১৩ বলে ৩ ছক্কা ও ২ চারে অপরাজিত ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন শামিম। ২ ছক্কা ও ৩ চারে ৫১ রান করা হৃদয় ম্যাচসেরা।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই ফিফটিতে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। দলের হয়ে ৫১ করে রান করেন ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভার। শেষ দিকে জশ ক্লার্কসনের ১৪ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসও জয়ের জন্য যথেষ্ট হলো না নিউজিল্যান্ডের।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করতে আগামী বুধবার চট্টগ্রামে নামবে লিটনরা।