https://www.somoyerdarpan.com/

3719

international

বোটডুবিতে বাংলাদেশিসহ ২৫০ জন নিখোঁজ

প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬ ১১:৫৬

ছবি:সংগৃহীত

ভারত মহাসাগরের আন্দামান সাগরে বোটডুবিতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকসহ প্রায় ২৫০ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, নারী, পুরুষ ও শিশুসহ অতিরিক্ত যাত্রীবোঝাই বোটটি প্রবল বাতাস, উত্তাল সাগর এবং অতিরিক্ত ভিড়ের কারণে ডুবে যায়। এ খবর দিয়েছে বিবিসি অনলাইন। প্রতি বছরই জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে পালানোর চেষ্টা করেন মিয়ানমারে নিপীড়নের শিকার রোহিঙ্গারা। অধিকাংশ ক্ষেত্রে তারা অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ নৌযানে করে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা করেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন মানবপাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে এবং তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধারকৃতদের একজন রফিকুল ইসলাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমাকে মালয়েশিয়ায় কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে দালালরা বোটে তুলে নেয়। আমাদের অনেককে ট্রলারের ভেতরে আটকে রাখা হয়। সেখানে কয়েকজন মারা যান। গরম তেল ছিঁটে এসে গায়ে লাগায় আমি দগ্ধ হই। রফিকুল আরও জানান, বোটটি চার দিন চলার পর ডুবে যায় এবং উদ্ধার হওয়ার আগে তারা প্রায় ৩৬ ঘণ্টা পানিতে ভাসছিলেন। তার মতে, শ্বাসরোধ হয়ে এবং অতিরিক্ত ভিড়ে ২৫ থেকে ৩০ জন মারা গেছেন। জাতিসংঘ বলেছে, এই ঘটনা রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি বাস্তুচ্যুতি ও স্থায়ী সমাধানের অভাবের ভয়াবহ পরিণতির প্রতিফলন। উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের পর প্রায় ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তখন তারা নিজ দেশে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো ভয়াবহ নির্যাতনের কথা জানান।