https://www.somoyerdarpan.com/
3738
international
প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬ ১৮:১৬
ছবি:সংগৃহীত
কয়েক দশক পর এক ঐতিহাসিক সংলাপে বসতে যাচ্ছে ইসরাইল ও লেবানন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বহু বছর পর এ দুই দেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রায় তিন দশকের বেশি সময় ধরে কোনো যোগাযোগ হয়নি, তবে শিগগিরই তা হতে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে পাকিস্তান জানিয়েছে, লেবাননে শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনের কেন্দ্রে রয়েছে। তাদের মতে, লেবাননের পরিস্থিতি স্থিতিশীল না হলে বৃহত্তর আঞ্চলিক শান্তি আলোচনা এগোনো কঠিন হবে।
লেবাননের বর্তমান সংঘাত শুরু হয় ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের ওপর হামলা চালানোর পর। এর জবাবে ইসরাইল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে। সীমান্তবর্তী শহর বিনত জবেইল এখন সংঘর্ষের অন্যতম কেন্দ্রবিন্দু।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশের বাহিনী ওই এলাকায় অগ্রসর হচ্ছে এবং তারা হিজবুল্লাহকে দুর্বল করতে অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহও ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা অব্যাহত রেখেছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা সরাসরি লেবাননে যুদ্ধবিরতির আহ্বান না জানালেও সংঘাতের অবসানকে স্বাগত জানাবে। অন্যদিকে ইরান বলছে, যে কোনো শান্তি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা জরুরি।