https://www.somoyerdarpan.com/

3692

sports

তামিমকে নিয়ে ভূয়সী প্রশংসা করলেন তাইজুল

প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৬ ১৩:৫২

ছবি:সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে নতুন যুগের সূচনা করলেন তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার মাত্র দ্বিতীয় দিনেই খেলোয়াড়দের বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছেন তিনি। আর এই উদ্যোগে সবচেয়ে বেশি সন্তুষ্টদের একজন জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান হিসেবে প্রথম বৈঠকেই তামিম নারী ও পুরুষ উভয় বিভাগের ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর ঘোষণা দেন।

দীর্ঘদিন ধরে অবহেলিত নারী ক্রিকেটারদের জন্য এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন কাঠামো অনুযায়ী, নারী ক্রিকেটাররা এখন চার দিনের ম্যাচে পাবেন ২০ হাজার টাকা, ওয়ানডেতে ১৫ হাজার এবং টি-টোয়েন্টিতে ১০ হাজার টাকা। পাশাপাশি মাসিক ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০ হাজার টাকা। অন্যদিকে, পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন—‘এ’ ক্যাটাগরির বেতন ৩৫ হাজার থেকে বেড়ে ৬৫ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার থেকে ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে।

প্রথম শ্রেণির ম্যাচ ফিও ৭০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তাইজুল ইসলাম। তামিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমাদের টেস্ট ক্রিকেটে উঠে আসার যাত্রাটা শুরু হয় মূলত জাতীয় লিগ থেকে, যা বাংলাদেশের ফার্স্ট-ক্লাস ক্রিকেটের ভিত্তি। আমরা সবাই এই টুর্নামেন্টে দীর্ঘ সময় ধারাবাহিকভাবে পারফর্ম করার মাধ্যমে সুযোগ পাই ‘এ’ দল এবং পরবর্তী সময় জাতীয় দলে খেলার।

ক্রিকেটাররা এখন আরো অনুপ্রাণিত হবেন বলেও প্রত্যাশা তাইজুলের, ‘অতীতে এই টুর্নামেন্টে ম্যাচ ফি এবং সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে অনেক কম ছিল। অনেকেই এটাকে কিছুটা অবহেলিত প্রতিযোগিতা হিসেবে দেখতেন। কিন্তু বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বে যে উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে স্যালারি স্ট্রাকচার ও ম্যাচ ফি বৃদ্ধি–তা সত্যিই প্রশংসনীয়। এই পরিবর্তন আমাদের মতো খেলোয়াড়দের জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক।’