https://www.somoyerdarpan.com/

3682

international

অসুস্থ মোজতবা খামেনি, কোম শহরে চিকিৎসাধীন আছেন

প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬ ১২:৪৯

ছবি:সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর অসুস্থ বলে দ্য টাইমসের একটি রিপোর্টে দাবি করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ওই পত্রিকাটি বলছে, মোজতবা খামেনি বর্তমানে কোময়া আছেন। কোম শহরে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এই প্রথম কোনো সংবাদমাধ্যমে মোজতবার অবস্থান প্রকাশিত হলো। ইরানের মধ্যাঞ্চলের কোম শহরটি তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত। শিয়া ইসলাম অনুসারে এই শহরটি পবিত্র নগরী। পাশাপাশি এটি ইরান ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় কেন্দ্র হিসেবে বিবেচিত।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মোজতবা খামেনি গুরুতর চিকিৎসাধীন অবস্থায় কোমে চিকিৎসা নিচ্ছেন। এতে সরকারি কোনো সিদ্ধান্ত গ্রহণেও অংশ নিতে পারছেন না তিনি। এই তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দা সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে উপসাগরীয় মিত্রদের সঙ্গে শেয়ার করা হয়েছে।

এছাড়া ওই রিপোর্টে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন-কাফনের খবরও প্রকাশ করা হয়েছে। দ্য টাইমস দাবি করেছে, খামেনির জন্য কোম শহরেই বিশাল সমাধিস্থল তৈরির প্রস্তুতি চলছে, যেখানে একাধিক পরিবারের সদস্যকে সমাহিত করা হতে পারে।

ইরান স্বীকার করেছে যে, নতুন নেতা একই হামলায় আহত হয়েছেন, যেখানে তার মা, স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেল এবং একজন পুত্রও প্রাণ হারিয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি, যদিও মার্চের শুরুতে তিনি সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নামে রাষ্ট্রীয় টেলিভিশনে কিছু বক্তব্য পড়া হয়েছে, কিন্তু তার কণ্ঠের রেকর্ডিং নেই, যা খবরের সত্যতা যাচাইয়ে সংশয় তৈরি করছে।

ইরান সোমবার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করেছে, যেখানে মোজতবা খামেনিকে যুদ্ধ কক্ষে বসে ইসরাইলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রের মানচিত্র বিশ্লেষণ করতে দেখা গেছে। যদিও ইরানি কর্মকর্তারা বলেন, নতুন সর্বোচ্চ নেতা দেশের দায়িত্বে রয়েছেন। তবে এর আগেও বেশ কিছু রিপোর্টে তার গুরুতর আহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। কিছু মার্কিন রিপোর্টে বলা হয়েছে, তিনি কোমায় চিকিৎসাধীন, আবার অন্যরা বলছেন, তার পা ভেঙেছে এবং মুখে আঘাত রয়েছে।