https://www.somoyerdarpan.com/
3651
bangladesh
প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৬ ১১:৫২
ছবি:সংগৃহীত
বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত অফিস খোলা আছে। এ ছাড়া দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ থাকবে।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। রাত প্রায় পৌনে ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। পরে সেখানে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর আগে সকালে দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। তবে হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতাবহির্ভূত থাকবে বলে জানিয়েছিল সংগঠনটি।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশের সরবরাহ ব্যবস্থা অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে দামের ওঠানামা সামাল দিতে সরকার কী কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে কাজ করছে।
শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শিক্ষা মন্ত্রণালয় রোববার থেকে আলাদা নির্দেশনা দিতে শুরু করবে বলেও জানানো হয়েছে। সব শ্রেণি ও সব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের সিদ্ধান্ত না নিয়ে আলোচনা করে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
বিয়ে বা উৎসব উপলক্ষে আলোকসজ্জা নিয়েও কড়াকড়ির কথা জানানো হয়েছে। তিনি বলেন, বিয়ে বা উৎসব উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।
মার্কেট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত কীভাবে কার্যকর হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নজরদারির ব্যবস্থা থাকবে। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে কাজ করবে।