https://www.somoyerdarpan.com/

3662

entertainment

রাহুলের মৃত্যুতে রহস্য, মামলা করলেন স্ত্রী প্রিয়াঙ্কা

প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৬ ১৮:১৪

ছবি:সংগৃহীত

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে শোক ও ক্ষোভে উত্তাল টালিগঞ্জের বিনোদন অঙ্গন। ঘটনার পাঁচ দিন পর অবশেষে আইনি পদক্ষেপ নিলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে নিয়ে তিনি রিজেন্ট পার্ক থানায় মামলা করেন।

এর আগে শুক্রবার রাতে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে জরুরি বৈঠকে বসে শিল্পী সংগঠন।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্তসহ আরো অনেকে। সেখানেই রাহুলের মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিরপেক্ষ তদন্তের দাবিতে ‘জাস্টিস ফর রাহুল’ শিরোনামে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হওয়া এই মিছিলে শিল্পী, কলাকুশলী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।

এই কর্মসূচিতে কোনো রাজনৈতিক রং না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

ঘটনার সূত্রপাত গত রবিবার। ওডিশার তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ঘটনার বিভিন্ন দিক সামনে এলেও স্পষ্ট কোনো চিত্র পাওয়া যায়নি।

কেউ বলছেন, দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার পর তাকে উদ্ধার করা হয়, আবার কারো দাবি, সহ-অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই এই মর্মান্তিক পরিণতি ঘটে।

এদিকে প্রযোজনা সংস্থার দেওয়া তথ্য ও শুটিংয়ের ভিডিও ফুটেজের মধ্যে অসংগতির অভিযোগ উঠেছে। এতে রহস্য আরো ঘনীভূত হয়েছে। ঘটনার পূর্ণ সত্য উদঘাটনে এর আগেই প্রযোজনা সংস্থাকে চিঠি দিয়েছিল শিল্পী সংগঠন, তবে প্রাপ্ত জবাবে সন্তুষ্ট হতে পারেনি তারা।

উল্লেখ্য, এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, দেবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।