https://www.somoyerdarpan.com/

3649

international

হরমুজ প্রণালিতে আটকে ২ হাজারের বেশি জাহাজ

প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৬ ১৮:৫৫

ছবি:সংগৃহীত

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় আরব উপসাগরে ২ হাজারের বেশি জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে তেল ও গ্যসাবাহী জাহাজের সংখ্যা ৩২০টির বেশি। সামুদ্রিক তথ্য বিশ্লেষণী সংস্থা কেপলারের বরাতে এ খবর দিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, আটকে পড়া জাহাজগুলোর মধ্যে ১২টি অত্যন্ত বড় গ্যাসবাহী জাহাজ এবং ৫০টি খুব বড় তেলবাহী জাহাজ রয়েছে। যেখানে সাধারণ সময়ে প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করে, সেখানে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে মাত্র ৬টি জাহাজ পার হতে পেরেছে।

ইরান তাদের উপকূলের কাছে লারাক দ্বীপের পাশ দিয়ে একটি নির্দিষ্ট করিডোর তৈরি করে সীমিতভাবে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে। তবে এই পথে চলতে গিয়ে জাহাজ মালিকদের কাছ থেকে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত ফি নেয়া হচ্ছে, যা অনেকেই ‘তেহরান টোল বুথ’ নামে উল্লেখ করছেন। যদিও ইরানের সঙ্গে সুসম্পর্ক থাকা কিছু দেশের ক্ষেত্রে এই ফি মওকুফ করা হতে পারে।

মালয়েশিয়া জানিয়েছে, তাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি পেট্রোনাসসহ কয়েকটি প্রতিষ্ঠানের জাহাজ এখনো পার হওয়ার অপেক্ষায় রয়েছে। ইরান আশ্বাস দিয়েছে, মালয়েশিয়ার জাহাজের ক্ষেত্রে কোনো ফি নেয়া হবে না। তবে জাহাজের দীর্ঘ সারির কারণে দেরি হতে পারে।

চীন জানিয়েছে, তাদের অন্তত তিনটি জাহাজ সম্প্রতি সমন্বয়ের মাধ্যমে প্রণালি পার হয়েছে। এছাড়া একটি গ্রিক জাহাজ, কয়েকটি ভারতীয় গ্যাসবাহী জাহাজসহ অল্প কিছু জাহাজ বের হতে পেরেছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে কিছু জাহাজ রাতের বেলা চলাচল করছে বা ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখছে বলেও জানা গেছে।

এই পরিস্থিতিতে সৌদি আরব ও কাতারের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বর্তমানে প্রায় ২০ হাজার নাবিক এই অঞ্চলে আটকা পড়ে আছেন।

এদিকে, পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। যুক্তরাজ্য প্রায় ৩৫টি দেশের সঙ্গে বৈঠকের আয়োজন করছে। চীন ও পাকিস্তান যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার ওপর জোর দিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। তা না হলে কঠোর সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।