https://www.somoyerdarpan.com/
3468
bangladesh
প্রকাশিত : ০৪ জুন ২০২৫ ১৪:১০
চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল, যা বললেন ফারুকী
মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের (এমএনএ-এমপিএ) মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে- এমন খবরে দেশজুড়ে চলছে তুমুল সমালোচনা।
তবে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজম। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মুজিবনগর সরকারে যারা ছিলেন, তারা সবাই মুক্তিযোদ্ধা। তবে সেই সরকারের অধীন কর্মকর্তা-কর্মচারীরা “মুক্তিযুদ্ধের সহযোগী” হিসেবে বিবেচিত হবেন।’
বিষয়টি নিয়ে নেটদুনিয়ায়ও চলছে তুমুল আলোচনা-সমালোচনা। মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে অনেকেই দেশের গণমাধ্যমের ওপর দোষারোপ করছে। এসব তর্ক-বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় ভাই-বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল- একটা ফেক নিউজ।’
তিনি আরও বলেন, ‘নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে। মুজিবনগর সরকারের কোনো সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে- এটা যে ফেক নিউজ তার প্রমাণ হিসেবে কমেন্টে অধ্যাদেশের স্ক্রিনশট দেওয়া হলো।’
এরপর তিনি মন্তব্যের ঘরে গতকাল মঙ্গলবার প্রকাশিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন-২০২২ সংশোধনের একটি স্ক্রিনশট তুলে ধরেন।