https://www.somoyerdarpan.com/
3465
bangladesh
প্রকাশিত : ০৩ জুন ২০২৫ ১৮:২৭
ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন ও সওজ সূত্রে জানা গেছে, সরাইল-বিশ্বরোড মোড়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনাগুলোর কারণে নিয়মিত যানজট লেগে থাকত। এতে ভোগান্তিতে পড়তেন যাত্রী ও পরিবহন চালকেরা। ঈদ উপলক্ষে জনদুর্ভোগ কমাতে এসব স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়।
অভিযানে ২০টি স্থায়ী এবং ৩০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের কারণে সৃষ্ট খানাখন্দ সংস্কারের কার্যক্রমও শুরু হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, বিশ্বরোড এলাকায় প্রতিনিয়ত যানজট লেগে থাকত। বিষয়টি আমাদের নজরে আসার পর আজকের যৌথ অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।
আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, মহাসড়কের দুপাশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছিল। আজকের উচ্ছেদ অভিযানের ফলে যানজট অনেকটা কমে আসবে।
অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিম মেজবাহ, উপজেলা প্রশাসন ও সওজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে মহাসড়কের পাশে থাকা সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে।