https://www.somoyerdarpan.com/

3804

sports

বিশ্বকাপে ইরানের বদলি ইতালি!

প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৬ ১৪:০৬

ছবি:সংগৃহীত

আগামী ১১ই জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। তবে মাঠের লড়াইয়ের পর্দা ওঠার আগেই শুরু হয়েছে তুমুল কূটনৈতিক ও ক্রীড়া বিতর্ক। এর মধ্যে এক বিস্ফোরক প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি। তিনি প্রস্তাব করেছেন, বিশ্বকাপে ইরানের পরিবর্তে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে খেলার সুযোগ দেয়া হোক।

ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দূত জাম্পোল্লি খোদ প্রেসিডেন্ট এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে এই প্রস্তাব দিয়েছেন। মূলত, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ট্রাম্পের বর্তমান শীতল সম্পর্ক মেরামতের একটি 'কূটনৈতিক অস্ত্র’ হিসেবে ফুটবলকে ব্যবহার করতে চাইছেন তিনি। উল্লেখ্য, ইরান যুদ্ধ ও পোপের বিরুদ্ধে ট্রাম্পের বেশ কিছু অপ্রীতিকর মন্তব্যের কারণে মেলোনির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। ইতালিতে জন্ম নেয়া জাম্পোল্লির মতে, আজ্জুরিদের বিশ্বকাপে ফেরানো হবে মেলোনিকে সন্তুষ্ট করার সেরা উপায়। রয়টার্সের অনুরোধে হোয়াইটহাউজ, ফিফা, ইতালি ও ইরানের ফুটবল অ‍্যাসোসিয়েশন এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব‍্য করেনি।

যদিও ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আগে থেকেই অনড় অবস্থায় ইনফান্তিনো। ফিফা সভাপতি এর আগে স্পষ্টভাবে বলেছেন, ‘ইরান মাঠে খেলেই যোগ্যতা অর্জন করেছে। যারা যোগ্যতা অর্জন করেছে, তারাই খেলবে।’ এদিকে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ জানান, বিশ্বকাপের প্রস্তুতি নিলেও এখনও অংশগ্রহণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘আমরা তৈরি হচ্ছি এবং বিশ্বকাপের জন‍্য প্রস্তুতি নিচ্ছি। তবে আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মানতে বাধ‍্য।’

টানা তৃতীয়বারের মতো বাছাইপর্ব থেকে ছিটকে গিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয় ইতালির। এবার তাদের হৃদয় ভাঙে বসনিয়া ও হার্জেগোভিনা। নিয়মানুযায়ী, কোনো দেশ নাম প্রত্যাহার করলে ফিফার পূর্ণ স্বাধীনতা আছে যেকোনো দলকে অন্তর্ভুক্ত করার। শেষ পর্যন্ত যদি ইরান সরে দাঁড়ায়, তবে এশিয়ার প্রতিনিধি হিসেবে সংযুক্ত আরব আমিরাতও তাদের জায়গা নেয়ার জোরালো দাবিদার।