https://www.somoyerdarpan.com/
3759
sports
প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬ ১২:০২
ছবি:সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে বিদায়ী সংবর্ধনা দেয়া হলো রুবেল হোসেনকে। বিদায়ী বার্তায় আবেগপ্রবণ হয়ে পড়লেন টাইগার পেসার, স্মরণ করলেন বাবা-মা ও প্রখ্যাত কোচ সারোয়ার ইমরানকে। তিনিই পেসার হান্ট থেকে তুলে এনেছিলেন রুবেলকে।
৪ বছর জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রুবেল। আজ কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে রুবেলকে সংবর্ধনা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে পরিবার নিয়ে উপস্থিত হন রুবেল। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বলেন, ‘অবসরের ঘোষণা দেয়ার পরবর্তী সময়ে তামিম ইকবাল ফোন দেয়, বলে রুবেল তোকে আমরা সম্মানিত করতে চাই। যে বিষয় আমার জন্য খুব গর্বের ও আনন্দের ছিল। আজ এত সুন্দর পরিবেশ তৈরি করেছে, এত সুন্দরভাবে সম্মানিত করেছে, এজন্য বোর্ড ও বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালকে ধন্যবাদ জানাই।’
রুবেল আরও বলেন, ‘একটা মানুষের কথা না বললেই নয়, যে মানুষের অবদান অন্যরকম, এই রুবেল হোসেন হওয়ার পেছনে। পেসার হান্ট থেকে নিয়ে এসে আমাকে ওপরে উঠার সিঁড়ি ধরিয়ে দিয়েছেন, প্রিয় কোচ শ্রদ্ধেয় সারোয়ার ইমরান স্যার। স্যারের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। স্যারের ভবিষ্যতের জন্য শুভকামনা এবং উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। স্কুল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সব কোচ, ফিজিও এমনকি গ্রাউন্ডসম্যান সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা আমাকে সবসময় সাহস দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, পাশে ছিলেন।’
এছাড়া তার বাবা-মা ও সমর্থকদের প্রতিও কৃতিজ্ঞতা প্রকাশ করেন রুবেল।