https://www.somoyerdarpan.com/

3702

bangladesh

লেবাননে হামলা ও বাংলাদেশি নিহত, সরকারের তীব্র নিন্দা

প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬ ১২:৫৮

ছবি:সংগৃহীত

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বেসামরিক মানুষদের হতাহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এমন তথ্য জানা গেছে। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পররাষ্ট্র দপ্তর।

এতে লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলা হয়, এসব হামলা এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করছে।

লেবাননে বাংলাদেশি নাগরিক দিপালী বেগম নিহত হওয়ার ঘটনায়ও নিন্দা জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। বৈরুতে ইসরায়েলি হামলায় দিপালী নিহত হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ সরকার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার কথা জানিয়েছে।

পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুকূল হলে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা লেবাননে বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেন। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় গত বুধবার তিনি নিহত হন।

দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। পরিবারের অভাব ঘোচাতে দুই বছর আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন দিপালী।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় বৈরুতের হামরা এলাকায় দিপালীর নিয়োগকর্তার (কফিল) বাড়িতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এ সময় ভবনটি ধসে পড়ে। তাতে দিপালী নিহত হন। দিপালীর নিয়োগকর্তা ও তাঁর পরিবারের সদস্যসহ মোট সাতজন নিহত হন এই হামলায়।