https://www.somoyerdarpan.com/

3667

sylhet

সিলেটে আবারও সাংবাদিক ছিনতাইয়ের শিকার, একদিনে দুজন

প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬ ১৩:০৩

ছবি:সংগৃহীত

সিলেটে এবার আরেক সাংবাদিক ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ নিয়ে শনিবার একদিনেই ছিনতাইকারীর কবলে পড়েন দুই সাংবাদিক।

ছিনতাইয়ের শিকার হওয়া দুজন হলেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগভেরী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সদস্য অহি আলম রেজা। এরমধ্যে রায়হান উদ্দিন ছিনতাইকারীদের হামলায় আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, শনিবার ভোরে বাসে করে ঢাকা থেকে জালাবাদ থানাধীন টুকেরবাজার তেমুখীর ব্রীজ পার হয়ে বাস থেকে নামেন রায়হান উদ্দিন। এসময় বাসায় যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজি অটোরিকশার অপেক্ষা করছিলেন। তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সিএনজি অটোরিকশা (সিলেট থ ১১-৩২১৬ ) করে আসা ৩ সদস্যের একদল ছিনতাইকারী তাকে ধরে মারপিট করে তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমান তিনি হাসপাতালের ৪র্থ তলাস্থ ৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর আম্বরখানা এলাকা থেকে তিন বছরের ছেলেকে নিয়ে সিএনজি অটোরিকশায় ওঠে শাহী ঈদগাহ যাচ্ছিলেন বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক ওহি আলম রেজা।

অটোরিকশাটিতে আগেই চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পর আরও একজন যাত্রী সেখানে ওঠেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে ওই যাত্রী তার সন্তানের দিকে চাকু ধরে তাকে চুপ থাকতে নির্দেশ দেয়।

এতে আতঙ্কিত হয়ে তিনি তার সন্তানকে জড়িয়ে ধরেন। এরপর পকেট হাতড়ে ছিনতাইকারী তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়।

ওহী আলম রেজা জানান, নির্ধারিত গন্তব্য শাহী ঈদগাহে নামিয়ে দেওয়ার কথা থাকলেও অটোরিকশা চালক আরও কিছু দূর গিয়ে হঠাৎ থেমে তাদের নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় আইনী পদক্ষেপ নিচ্ছেন বলে জানান তিনি।