https://www.somoyerdarpan.com/
3846
sylhet
আনন্দঘন আয়োজনে ১০ম ব্যাচের শিক্ষার্থীদের স্বপ্নযাত্রার সূচনা
প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬ ০২:২১
নবীনবরণ
২৭ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, ১৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ তারিখে সিলেটের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত চার বছর মেয়াদি শিক্ষা সম্মান (অনার্স) কোর্সের ১০ম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে এক বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে।
কলেজের চলমান ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এবং এডুকেশন সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবাগতদের জন্য হয়ে ওঠে স্মরণীয় এক আয়োজন। নবম ব্যাচের শিক্ষার্থী জাকির ও সায়মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছাঃ নিলুফার খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাবা রিজওয়ানা মতিন, সহকারী অধ্যাপক শ্রী বিধান চক্রবর্তী, প্রভাষক আলী হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি রিজওয়ানা মতিন নবীনদের কলেজ জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানান এবং অধ্যবসায় ও নৈতিকতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এডুকেশন সোসাইটির সভাপতি বাহার উদ্দিন ।
সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নবীনবরণ অনুষ্ঠান নবীন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রেরণা জাগিয়ে তুলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই সফল আয়োজন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করা ৯ম ব্যাচের সকল শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এডুকেশন সোসাইটির পক্ষ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।