https://www.somoyerdarpan.com/
3653
entertainment
প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৬ ১২:১৬
ছবি:সংগৃহীত
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা।দেশের প্রখ্যাত অভিনেতা ও প্রযোজক সোহেল রানা উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যাচ্ছেন। আগামী রোববার (৫ এপ্রিল) রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের উদ্দেশ্যে নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি। তবে তার শারীরিক অসুস্থতার বিস্তারিত বিষয়ে কিছু জানাননি এই বরেণ্য অভিনেতা।
পোস্টে বর্ষীয়ান এই অভিনেতা লেখেন, ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ঘোষণার পর থেকেই চলচ্চিত্রাঙ্গনের সহকর্মী ও ভক্তরা অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সত্তর ও আশির দশকের জনপ্রিয় এই নায়কের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীতে ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় আসেন এবং ‘সোহেল রানা’ নাম ধারণ করেন। দেশের চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এই গুনী অভিনেতা।