https://www.somoyerdarpan.com/
3542
sylhet
প্রকাশিত : ১২ মার্চ ২০২৬ ১৩:০০
ছবি-সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মিয়া (২৫) নামে হবিগঞ্জ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাজতি রাসেল মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক উল্লার ছেলে।
পারিবারিক ও কারাগার সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলার আসামি হিসেবে প্রায় আড়াই মাস ধরে রাসেল মিয়া কারাগারে ছিলেন। গত মঙ্গলবার রাতে সে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে জেলা কারাগার হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা সংকটাপন্ন হলে বুধবার সকাল সাড়ে ৯টায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রাসেল এর চাচাতো ভাই সোহেল মিয়া জানান, ঘটনার একদিন আগে তাদের আত্মীয়স্বজন জেলা কারাগারে রাসেল মিয়ার সহযোগী আসামিদের সঙ্গে সাক্ষাত করে গেছেন। সেসময় তারা জানিয়েছিলেন রাসেল ভালো আছে।
তিনি অভিযোগ করে বলেন, আমার ভাই রাতে গুরুতর অসুস্থ হলেও তাকে বিনা চিকিৎসায় কারাগার হাসপাতালে ফেলে রাখা হয়। পরদিন সকালে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ জেলা কারাগারের জেলার বিলাল উদ্দিন জানান, ওই হাজতি প্রথমে জ্বর ছিলো। একপর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে। সকাল সাড়ে ৯টার সদর আধুনিক হাসপাতালে তাকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় সে মারা যায়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় জিডি দায়ের করা হয়েছে। ওই হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।