https://www.somoyerdarpan.com/
3541
sylhet
প্রকাশিত : ১২ মার্চ ২০২৬ ১২:১২
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত হয়ে যাওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি আবারও চালু হতে যাচ্ছে।
আগামী ১ জুলাই থেকে এই ফ্লাইট চালু হবে বলে বুধবার বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, “যাত্রীদের চাহিদা বিবেচনায় ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি হজ কার্যক্রম শেষে ১ জুলাই থেকে আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য তথ্য যথাসময়ে জানানো হবে।”
গত ১ মার্চ থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটের সরাসরি ফ্লাইটটি ‘স্থগিত’ রেখেছে বিমান বাংলাদেশ।
ফ্লাইট স্থগিতের ঘোষণা আসে গত জানুয়ারিতে। ঘোষণার পর যুক্তরাজ্যে বিক্ষোভ দেখান প্রবাসীরা। বিষয়টি নিয়ে আলোচনা হয় ব্রিটিশ পার্লামেন্টেও।
গত ১৫ জানুয়ারি হাউস অব কমন্সে ব্রিটিশ এমপি পল ওয়া বলেন, তার সংসদীয় এলাকা রচডেলে, পুরো উত্তর-পশ্চিমাঞ্চল এবং স্কটল্যান্ড ও মিডল্যান্ডসের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি ম্যানচেস্টার থেকে সিলেটগামী বিমানের সরাসরি ফ্লাইটের ওপর নির্ভর করেন। কিন্তু হঠাৎ করেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেই রুট স্থগিত করার ঘোষণা দিয়েছে।
গত ৪ জানুয়ারি বিমানের পক্ষ থেকে প্রথম দফা ঘোষণায় ১ ফ্রেব্রুয়ারি থেকে এই ফ্লাইট স্থগিতের কথা জানানো হয়।
এর দুদিন পরেই জানানো হয়, স্থগিতের সিদ্ধান্ত এক মাস পেছানো হয়েছে। অর্থাৎ ১ মার্চ থেকে বন্ধ হচ্ছে এই ফ্লাইট।
ফ্লাইট স্থগিতকরণের কারণ হিসেবে বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিতে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা ফ্লাইট ১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।"
তবে ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের তিনদিন পরেই (৭ জানুয়ারি) বিমানের পক্ষ থেকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট চালানোর ঘোষণা আসে। লাভজনক ম্যানচেস্টার রুট বন্ধ করার ঘোষণার দুদিন পরেই ঝুঁকিপূর্ণ করাচি রুট চালু করার ঘোষণায় যাত্রী ও সাধারণের মধ্যে প্রতিক্রিয়া হয়। যদিও ম্যানচেস্টারের জন্য দূরপাল্লার সুপরিসর উড়োজাহাজ প্রয়োজন হয়, আর করাচিতে স্বল্পপাল্লার।