https://www.somoyerdarpan.com/

3863

bangladesh

সৌদিতে হজযাত্রী পৌঁছেছেন ৩৮২০৭ জন, মৃত্যু বেড়ে ৭

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৬ ১২:৩১

ছবি:সংগৃহীত

এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরই মধ্যে আরও একজন হজযাত্রীর মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত জনে।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৩টার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন।

এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪২টি, সৌদি এয়ারলাইন্সের ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট।

সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী মো. শামসুল আলম (৬৩), তার বাড়ি রংপুরের কোতোয়ালি এলাকায়। মঙ্গলবার মদিনায় তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন এবং এ বছর সরকারি ব্যবস্থাপনায় প্রথম মৃত্যুর ঘটনা এটি।

এ পর্যন্ত মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুজন মদিনায় মারা গেছেন।

এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় এবং একই দিনে মক্কায় শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মারা যান। এছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।

হজ অফিস জানায়, এ বছর দেশ থেকে ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

ঢাকায় সৌদি দূতাবাস গত বৃহস্পতিবার পর্যন্ত মোট ৭৮ হাজার ২৯৭ জনের ভিসা ইস্যু করেছে। এর মধ্যে রয়েছে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪১৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৮৭৮টি।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।