https://www.somoyerdarpan.com/
3728
bangladesh
প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬ ১৭:৪১
ছবি:সংগৃহীত
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, চলতি এপ্রিল মাস তো বটেই, আগামী দুই মাস দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হবে না। এছাড়া, সব মিলিয়ে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বুধবার সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উদ্ধার অভিযান এবং জ্বালানি তেলের বর্তমান মজুত পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে যুগ্ম-সচিব মনির বলেন, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে।
এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে ৪৫ জনকে।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, উদ্ধার করা জ্বালানির মধ্যে রয়েছে ডিজেল ৩ লাখ ৬৬ হাজার লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার ও পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার।
এছাড়া, সম্প্রতি চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে মনির হোসেন চৌধুরী বলেন, দেশে বর্তমানে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন এবং ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ টন। এছাড়া, জেট ফুয়েল মজুত রয়েছে ১৮ হাজার ২২৩ টন।