https://www.somoyerdarpan.com/
3536
international
প্রকাশিত : ১১ মার্চ ২০২৬ ১৪:৫৩
ছবি-সংগৃহীত
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় বুধবার সকালে দুটি ড্রোন পড়ে চারজন আহত হয়েছে। দুবাই সরকারের মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে।
খবর অনুসারে, আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক মাঝারি মাত্রায় আহত হয়েছেন। এছাড়া দুইজন ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন।
এক্সে দেওয়া এক বার্তায় দুবাই মিডিয়া অফিস জানিয়েছে , ড্রোন দুটি বিমানবন্দরের আশপাশে পড়ে। তবে এ ঘটনার পরও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। বিমানবন্দরের কোনো অবকাঠামোর ক্ষতি হয়েছে কী না, তা এখনো পরিষ্কার নয়।
এদিকে ব্রিটিশ সামরিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, দুবাইয়ের উত্তর–পশ্চিমে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের সব নাবিক নিরাপদ আছেন এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে উপসাগরীয় দেশগুলোতে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে চীন। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, বেসামরিক মানুষ ও অবকাঠামোকে ঝুঁকির মধ্যে ফেলে এমন হামলার সঙ্গে চীন একমত নয়।
এদিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) বিভিন্ন দেশেও হামলার খবর পাওয়া গেছে।
কাতার : দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকালে দেশটির দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। কর্মকর্তারা বলেন, তেহরানের সঙ্গে বর্তমানে কোনো যোগাযোগ নেই এবং এ ধরনের হামলা আঞ্চলিক জ্বালানি স্থাপনাগুলোর জন্য বিপজ্জনক নজির তৈরি করছে।
কুয়েত : কুয়েতের ন্যাশনাল গার্ড দেশটির দিকে আসা আটটি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে একটি হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাংক লক্ষ্যবস্তু হলে দুই নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। সাম্প্রতিক অভিযানে নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ওমান : ওমানে মাসকাত আন্তর্জাতিক বইমেলা স্থগিত করা হয়েছে। তবে দেশটিতে গত ১২ ঘণ্টায় নতুন কোনো হামলা বা হতাহতের তথ্য নিশ্চিত হয়নি।
বাহরাইন : বাহরাইনে মানামার কাছে সিত্রা এলাকায় ইরানের হামলায় বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। একটি ড্রোন হামলার পর মা’মির এলাকার একটি স্থাপনায় আগুন লাগে। এর আগে মানামায় একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত করলে এক নারী নিহত ও আটজন আহত হন।
সৌদি আরব : সৌদি আরব জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ছোড়া সাতটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া পূর্বাঞ্চলের আকাশে, একটি বিমানঘাঁটির কাছেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের খবর পাওয়া গেছে।